আজ ভাইফোঁটা। ছোট পিসিমণি এসেছে। পরিবেশ টা সম্পূর্ণ উৎসব মুখর।

 

অতসী মন্ডল

শিরোনাম  - ফোঁটা 

কলমে - অতসী মন্ডল 


আমরা দুই যমজ বোন ।আমি  পিঙ্কি আর ও রিঙ্কি। প্রতি বছর বিজয়া দশমীতে আমরা নৈনিতালে যাই। তা প্রায় ছোট থেকেই।  আর ফিরি একমাস পর । আসলে বাবা ওখানে কর্মসূত্রে থাকেন। পুজোয় ছুটি পান না। 


কিন্তু এই বছর টা একটু অন্যরকম।  বাবা এক মাসের ছুটি নিয়ে বাড়ি ফিরেছে। পূজোতে বাবা  বাড়িতে থাকায় খুবই মজা করলাম। 


আজ ভাইফোঁটা। ছোট পিসিমণি এসেছে। পরিবেশ টা সম্পূর্ণ  উৎসব মুখর। 


ভাইয়ের কপালে দিলাম ফোঁটা 

যমের দুয়ারে পড়ল কাঁটা 

যমুনা দেয় যমকে ফোঁটা 

আমি দিই আমার  ভাইকে ফোঁটা 

-- মন্ত্রটি উচ্চারণ করতে করতে পিসিমণি তাঁর  বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে চন্দনের ফোঁটা বাবার কপালে দিচ্ছে।

আমি একমনে দেখছি এমন সময় রিঙ্কি বলল- এই দিদি আমাকেও এমন ফোঁটা দে না রে । আমার ফোঁটা নিতে খুব ইচ্ছে করছে।

 -- তা ইচ্ছে  তো করবেই । যা দেখ তাই তোমার চাই কিনা। দিন কে দিন ধিঙ্গিপনা বেড়েই চলেছে।  


-- কেন গো ঠাম্মি। আমি মেয়ে বলে কি ফ্যালনা! মোটেও না বুঝলে। ছেলেরা যা পারে আমিও তাই পারি । জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। শুধু তুমিই বোঝনা । - 


--- দেখলি সমু কেমন মুখে মুখে তর্ক করে এই মেয়ে।  যতই বলি দুদিন পর শ্বশুড় বাড়ি যেতে হবে । ঘর কন্যার কাজ শেখ , তা না ।  

 --- মা বাদ দাও না।  ওর যা মন চায় করুক। আর আমি ছেলেমেয়ের ভেদ করিনা। ছেলেদের মতো মেয়েরা সুযোগ পেলে , অবাধ স্বাধীনতা পেলে,  তবেই তো সমাজ এগোবে। যদি তৎকালিন সমাজ কে বুড়ো আঙুল দেখিয়ে  কাদম্বিনী দেবী ডাক্তারি না পড়তেন , তবে কি আজ ভারতবর্ষে এত মহিলা ডাক্তার হতো ? আর  ভাই ফোঁটা কেন দেওয়া হয়!


-- কী যে বলিস দাদা, আমরা বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিই। আর 

ভাইবোনের সম্পর্কটাও দৃঢ় হয়।  

-- তার মানে শুধু রিচুয়াল নয়। সুসম্পর্ক বজায় রাখার একটি সুন্দর যুক্তি ও আছে।

 তাহলে যদি  বোনে বোনে চিরদিন মিষ্টি মধুর সম্পর্ক অটুট রাখতে একে অপরকে ফোঁটা দেয়  , তবে ক্ষতি কি? আজ থেকে আমার বাড়িতে ফোঁটা হবে। পিঙ্কি রিঙ্কি  আয় তোরা দু জন।  আসনে বোস। একে অপরকে ফোঁটা দিয়ে  দুই বোনের সম্পর্ক টা দৃঢ় করে নে তো , চিরদিনের জন্য । 


কই গো পিঙ্কি'র মা মঙ্গল শঙ্খটা বাজাও.....